কিশোরগঞ্জে বিএনপির ২৮ নেতা-কর্মীর ৩ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভকালে ভাঙচুর ও অরাজকতা চালানোর মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহসহ ২৮ নেতা-কর্মীর প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে দ্রুত বিচার আদালতের বিচারক আলাউল আকবর এ রায় দেন।

রায় ঘোষণার সময় খালেদ সাইফুল্লাহসহ ১১ নেতা-কর্মী এজলাসে উপস্থিত ছিলেন। এ ছাড়া দুজন আগে থেকেই অন্য মামলায় জেলহাজতে আছেন। বাকি ১৫ জন পলাতক।
এদিকে রায়কে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে জেলা বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
এর আগে রায়ের খবরে শত শত নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন। আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভ মিছিল করতে থাকেন দলীয় নেতা-কর্মীরা।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এই রায় ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট। রায় মেনে নেওয়ার অবকাশ নেই। আমাদের সিদ্ধান্ত, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহরে গণমিছিল বের হয়। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা শহরে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করেন। পুলিশ বাধা দিতে গেলে মিছিলকারীরা তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন, হামলা চালান এবং সহকারী পুলিশ সুপারের ব্যবহূত সরকারি গাড়িসহ আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর করেন। এসব ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক এ টি এম মাহমুদুল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ধারায় ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের, বিএনপির সদস্য শফিকুল আলম, কর্মী আদিল উদ্দিন, মিনহাজ মিয়া, আসাদ মিয়া, পুল্টন মিয়া, কফিল মিয়া, পাভেল মিয়া, ফয়সাল মিয়া, মইছ উদ্দিন, আক্কাস উদ্দিন, বাবুল মিয়া, করিম মোল্লা, রাজন মিয়া, হুমায়ুন মিয়া, রুমেল মিয়া, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম, সালাউদ্দিন বাচ্চু, আনার মিয়া, কাজল মিয়া, ভ্রমর উদ্দিন, সবুজ মিয়া ও মাসুম মিয়া।