কিশোরগঞ্জে বিজয়ী প্রার্থীর ফল বাতিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ২৫ বছর হয়নি, তবু হাইকোর্টের আদেশ জাল করে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সুতারকান্দা গ্রামের বিউটি আক্তার। গত ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিজয়ী হন। সম্প্রতি হাইকোর্টের আদেশ জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর গতকাল শনিবার নির্বাচন কমিশনারের কাছে তাঁর ফল বাতিলের সুপারিশ করা হয়েছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র ও চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বিউটি আক্তারের বয়স হয়েছিল ২৩ বছর চার মাস ছয় দিন। ২৫ বছরের কম হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় গত ৮ মে তাঁর প্রার্থিতা বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিউটি আক্তার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করলে ১২ মে সেটিও বাতিল করা হয়। পরে বিউটি আক্তার হাইকোর্টে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি নূরুজ্জামানের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। এ ব্যাপারে শুনানির তারিখ ধার্য হয় ৩১ মে। কিন্তু বিউটি আক্তারের আইনজীবী এ কে এম মিজানুর রহমান শুনানির আগের দিন ৩০ মে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্ত অবৈধ বলে হাইকোর্টের আদেশের একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পাঠান। পরে ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হন।পরে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবা হেনা হাইকোর্টের আদেশের কপি তুলে দেখতে পান যে বিউটি আক্তারের আপিল আবেদনটি ডিভিশন বেঞ্চ নামঞ্জুর করেছেন। পরে তিনি ও অপর প্রতিদ্বন্দ্বী তাসলিমা খাতুন নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ৩১ মের হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশটি সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে এসেছে। এতে দেখা যায়, আদালত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে ৩০ তারিখে বিউটি আক্তারের পক্ষ থেকে দেওয়া হাইকোর্টের আদেশটি ভুয়া বলে প্রমাণিত হয়। তিনি আরও বলেন, গতকাল নির্বাচন কমিশনারের কাছে বিউটি আক্তারের ফল বাতিল এবং হাইকোর্টের আদেশ জালিয়াতি ও প্রতারণার দায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।