কিশোরগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে মোসাহাফ আলী (৫৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোসাহাফ আলী রণচণ্ডী ইউনিয়নের দক্ষিণ রণচণ্ডী গ্রামের বাসিন্দা। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।
মোসাহাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বলেন, বেলা তিনটার দিকে স্থানীয় খামার গাড়াগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২১ আগস্ট রাত আটটার দিকে খামার গাড়াগ্রামের বিপ্লব হোসেনের বাড়ির টিনের ঘরের চালায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন ওই গ্রামের সাজেদুর রহমান (৩০)। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারিকুল ইসলাম (২৮)। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারুফুল ইসলাম (১৫) মারা যায়। সর্বশেষ গতকাল মোসাহাফের মৃত্যু হয়।
এদিকে ওই ঘটনায় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলাকে দায়ী করলে ঘটনার পরদিন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলী, টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নর্থের পরিচালক (ম্যানেজমেন্ট অপারেশন) মো. মতিউর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত তদন্ত কমিটি গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী তদন্ত শেষে ঢাকায় ফিরে গেছে।