কিশোরগঞ্জে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে বিদ্যুতের সংযোগ না থাকায় কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় গতকাল শনিবার বিক্ষুব্ধ এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে।গতকাল শোলাকিয়া এলাকার বাসিন্দারা বিদ্যুতের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা রথখলায় বিদ্যুতের কার্যালয় (পিডিবি) ঘেরাও করে। এ সময় তারা কার্যালয়ে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ আনেন।শোলাকিয়া এলাকার গৃহিণী আফরোজা হক বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। রেফ্রিজারেটরে রাখা সব ধরনের খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে।কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুল কবির জানান, শোলাকিয়া এলাকার ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য কোনো ট্রান্সফরমার না থাকায় আগামী মঙ্গলবারের আগে ওই এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।