কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ক্রিকেটার ফখরুল ইসলাম টগর হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরে মৌন মিছিল ও মানববন্ধন হয়েছে। কিশোরগঞ্জ স্টেডিয়ামে মুসা মিয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগের গতকালের নির্ধারিত খেলা স্থগিত রেখে খেলোয়াড়, আম্পায়ার, সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্টেডিয়াম থেকে একটি মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল সংহতি প্রকাশ করে ফখরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেন।গতকাল বাদ আসর ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে ফখরুলের জানাজা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল ফখরুলের বাবা নজরুল ইসলামের দায়ের করা মামলায় রাসেল (২২) ও মন্নাফ (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।