জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ইরি-বোরোর চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওরের কৃষকেরা। বোরো চাষের মৌসুমের শুরুতেই তেলের দাম বেড়ে যাওয়ায় তাঁদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলসহ জেলার ১৩টি উপজেলায় বোরো ধানের ব্যাপক চাষ হয়ে থাকে। বিশেষ করে জেলার হাওর উপজেলা ইটনা, মিঠামইন, নিকলী ও অষ্টগ্রামে বছরের একমাত্র ফসল বোরো ধান উৎপাদনে কৃষকেরা তাঁদের সর্বশক্তি নিয়োগ করেন। এবার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কৃষকেরা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বোরোর আবাদ শুরু করেছেন। রোপণ মৌসুমের প্রাথমিক পর্যায়ে তেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকের ঘুম হারাম হয়ে গেছে। কারণ, হাওরের ৯৯ শতাংশ কৃষক ডিজেলের ওপর নির্ভরশীল। বোরোর জমিতে সেচ দিতে প্রচুর ডিজেলের প্রয়োজন হয়। হাওরে প্রতি লিটার ডিজেল বিক্রি হতো সাড়ে ৬২ থেকে ৬৩ টাকায়। তিন দিন ধরে প্রতি লিটার বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়। প্রতি লিটারে কৃষককে বাড়তি দিতে হচ্ছে ৮-১০ টাকা। এই চড়া মূল্য দিতে গিয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের নিদেশপুর গ্রামের কুদুম লাল (৪৫) ও আবুল কালাম (৩৮) জানান, গত বছর ধানের ন্যায্য দাম তাঁরা পাননি। তাই এবার স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বোরোর আবাদ শুরু করেছেন তাঁরা। চাষাবাদের ঠিক ঠিক আগমুহূর্তে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় তাঁরা হতাশ।একই উপজেলার কামালপুর গ্রামের কৃষক প্রদীপ সরকার (৪৭) ও আসান আলী (৪২) জানান, তাঁরা প্রত্যেকে আট একর করে জমিতে বোরো আবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে তাঁদের ভাবতে হচ্ছে। কারণ, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তাঁদের সর্বস্বান্ত হতে হবে। তাঁরা মনে করেন, কোনো অবস্থাতেই তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। এদিকে হাওর পারাপারের একমাত্র অবলম্বন ডিজেলচালিত নৌকা ও ট্রলার। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ট্রলারের ভাড়া বেড়ে গেছে। ৪০ শতাংশ ভাড়া বেড়ে যাওয়ায় হাওরের মানুষ চরম আর্থিক ক্ষতিতে পড়েছে। হাওরের একাধিক ট্রলারমালিক জানান, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন রুটে ৪০ শতাংশ ভাড়া বেড়ে গেছে। কিশোরগঞ্জ থেকে ইটনা ও অষ্টগ্রামে যেতে ৫০ টাকার স্থলে এখন ভাড়া ৭০ টাকা দিতে হচ্ছে। এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।