কিশোরগঞ্জে ভাষা সৈনিকদের সম্মাননা
কিশোরগঞ্জ জেলার ভাষাসৈনিকদের সম্মাননা জানানো হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাতে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্মাননা পাওয়া প্রয়াত ভাষাসৈনিকেরা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, আশরাফুদ্দীন আহমদ, আবু তাহের খান পাঠান, কাজী আবদুল বারী, আনিছুর রহমান, মো. মহিউদ্দিন গোলাম মওলা, আমিনুল হক, কাজী ইছাহাক, এ কে এম শামছুল হক গোলাপ মিয়া, আবদুল মতিন, ইনছাব উদ্দিন আহামদ, এ এ ফজলুল করিম, সৈয়দ বদরুদ্দিন হুসাইন, সৈয়দ কমরুদ্দিন হুসাইন ও মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া জীবিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আ ফ ম শামছুল হুদা, এ এ মাজহারুল হক, মিছির উদ্দিন আহমেদ, মুহ. আবু সিদ্দীক ও মোশাররফ হোসেন আখুঞ্জি। প্রয়াত ভাষাসৈনিকদের পক্ষে পরিবারের সদস্যরা, সৈয়দ নজরুল ইসলামের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সম্মাননা জেলা প্রশাসক সিদ্দুিকর রহমান গ্রহণ করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, সহসভাপতি শাহাদাৎ হোসেন, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অংশগ্রহণের স্মৃতিচারণা করেন ভাষাসৈনিক এ এ মাজহারুল হক ও আ ফ ম শামছুল হুদা। পরে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।