কিশোরগঞ্জে ভূমি কর্মকর্তার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় গত বুধবার রাতে মো. সাইফুল ইসলাম নামের এক ভূমি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাঁর এক চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজনকে আসামি করে মডেল থানায় মামলা হয়েছে। এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলার শিকার সাইফুল বাজিতপুর পৌর ভূমি কার্যালয়ের ভূমি উপসহকারী কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে গত সোমবার তিনি কিশোরগঞ্জ শহরে আসেন। শহরের নগুয়া এলাকার একটি ভাড়াবাড়িতে ওঠেন তিনি। বুধবার রাত ১০টার দিকে একদল লোক ওই ভাড়াবাড়িতে আসে। তারা সাইফুলকে একটি জমির কাগজপত্র দেখতে বলেন। সাইফুল এতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চলে যায়। কিন্তু পৌনে ১১টার দিকে দলটি আবার ফিরে এসে সাইফুলকে ডেকে বাসা থেকে বের করে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁর বাঁ চোখ উপড়ে ফেলে। সাইফুলের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সাইফুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পাঠানো হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে সাইফুলের ভাই মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সাইফুলের বাঁ চোখটি একেবারে নষ্ট হয়ে গেছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।