
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠাইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টা পর কয়েকটি কেন্দ্রে ইচ্ছামতো সিল মারা ও তাঁর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম। মহিতুল প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদের কর্মী-সমর্থকেরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন। পরিকল্পিতভাবে আগের দিন নির্বাচনী এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তাই ভোটার উপস্থিতি বাড়ছে না। স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করেন, তাঁর নিজ উপজেলা অষ্টগ্রামের আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুল্লাহপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খৈয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। মহিতুলের প্রধান নির্বাচনী সমন্বয়ক সৈয়দ মো. শাহজাহান অভিযোগ করেন, ইটনার লাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়সিদ্ধি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ফুটবল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা ইচ্ছামতো সিল মারছেন। আরও কয়েকটি কেন্দ্র থেকেও এই ধরনের অভিযোগ পেয়েছেন বলে তিনি জানান। অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, এজেন্ট বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ফুটবল প্রতীকের এজেন্টের সঙ্গে কথা বলতে চাইলে তিনি শরীফুল হক নামের একজনের সঙ্গে মুঠোফোনে কথা বলিয়ে দেন। শরীফুল হক নিচু স্বরে বলেন, ‘পরিস্থিতি ভালো না। চাপে আছি। পারলে এসে দেখে যান।’
ফুটবল প্রতীকের প্রার্থী ও তাঁর প্রধান সমন্বয়কের করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর নেই। প্রার্থীর পক্ষ থেকেও লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। এর পরও আমি অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।’