কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতকে ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা গতকাল (বুধবার) রাতে ভ্রাম্যমাণ আদালতকে ধাওয়া করে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে জেলা শহরের একরামপুর এলাকায় নির্ধারিত সময়ের পর (রাত আটটার পর) দোকান খোলা রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্বাহী হাকিম আবু তাহের সাইদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পান-দোকানি আবদুর রশিদ ও দীপ মাল্টিপারপাসের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর খান এবং অপর কর্মকর্তা সাহাব উদ্দিনকে আটক করেন।এ সময় আশপাশের ব্যবসায়ীরা সংগঠিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন এবং একপর্যায়ে ‘ধর ধর’ বলে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।খবর পেয়ে জেলা শহরের গৌরাঙ্গবাজার, পুরান থানা, একরামপুর ও বড়বাজার এলাকার সহস্রাধিক ব্যবসায়ী বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তার ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অবরোধের কারণে শহরের বিরাট এলাকাজুড়ে কয়েক শ যানবাহন আটকা পড়ে।বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, রাত আটটায় নির্ধারিত সময়ের আগে এবং লোডশেডিং চলাকালে নির্বাহী হাকিম আবু তাহের সাইদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ ব্যাপারে নির্বাহী হাকিম আবু তাহের সাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাত আটটার পর নির্ধারিত সময়েই অভিযান শুরু করি। বিদ্যুৎ থাক বা না-থাক, আটটার পর পুরো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ থাকার পরও ওই দুই ব্যবসাপ্রতিষ্ঠান কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। তাই তাদের জরিমানা অনাদায়ে আটক করা হয়।উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. শাহ কামালের সঙ্গে তাঁর বাসভবনে রাত ১১টায় ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন। বৈঠকে বিদ্যুৎ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বাড়াবাড়ির ব্যাপারে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিকার দাবি করেন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর আটক তিনজনকে ছেড়ে দেওয়া হলে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।