কিশোরগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের সংখ্যা এবং তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অথচ এই সমস্যা মোকাবিলায় নেই উল্লেখযোগ্য পদক্ষেপ। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তায় মাদকের ছোবল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে তত্ত্বাবধায়ক (সুপার) কার্যত না থাকায় ও একাধিক কর্মকর্তার পদ শূন্যের কারণে এই বিভাগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। তৎপরতার অভাবে জেলার সর্বত্র মাদকের আগ্রাসন ভয়াবহ আকার ধারণ করেছে। তা ছাড়া, মাদকসংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দেখা দিয়েছে স্থবিরতা। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিভিন্ন ধরনের অপরাধীর পাশাপাশি মাদক অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু মাদক নিয়ে কাজ করে। কিন্তু এতেও এ অধিদপ্তরের তেমন সফলতা নেই। গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির এক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত মাসে জেলা পুলিশ নয় গ্রাম হেরোইন, ১১ কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল, ৪১টি ইয়াবা বড়ি উদ্ধার ও ৪২ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ৩৩টি মামলাও হয়। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাঁচ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজা ও আট লিটার চোলাই মদ উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে। আর এ ব্যাপারে ছয়টি মামলা করে। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান ওই সভায় অধিদপ্তরের কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধির দৃষ্টি আকর্ষণ করেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অব্যাহতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার কথা বলেন তিনি। স্থানীয় চেম্বার অব কমার্সের পরিচালক বাদল রহমান বলেন, অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে মাদকসেবী ও ব্যবসায়ীরা। অধিদপ্তর সক্রিয় হলেই জেলায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত দায়িত্ব থাকায় আমাকে সপ্তাহের বেশি সময় ঢাকায় থাকতে হয়। তা সত্ত্বেও কর্মকাণ্ডে স্থবিরতা নেই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে জনবল ও অভিযান পরিচালনায় প্রয়োজনীয় উপকরণের সংকট রয়েছে।’