কিশোরগঞ্জে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের কোনো তৎপরতা না থাকায় জেলার সর্বত্র মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এ বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের একাধিকবার বলা হলেও তাঁরা নিষ্ক্রিয় রয়েছেন। গত বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যরা এসব কথা বলেন।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, কিশোরগঞ্জ পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান, পাকুন্দিয়ার সোহরাব উদ্দিন, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক বাদল রহমান, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।বক্তারা আরও বলেন, শীতকালে প্রভাবশালী কিছু লোক মেলার নামে জেলার কয়েকটি স্থানে জুয়া খেলা ও অশ্লীল নৃত্যের আসর বসানোর পাঁয়তারা চালাচ্ছেন। যুব সমাজকে এই অপসংস্কৃতির হাত থেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। আবার জেলার বিভিন্ন স্থানে ইসলামি জলসার নামে চিহ্নিত বক্তারা ইসলাম ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে জঙ্গিবাদকে উৎসাহিত করছেন। এসব ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।