কিশোরগঞ্জে মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ ৫০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে জেলা শহরের বত্রিশ এলাকায় জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ এ সময় আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, স্থানীয় সাবেক সাংসদ মরহুম মাওলানা আতাউর রহমান খান ২০০৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। গত শনিবার হঠাৎ করে মাদ্রাসার নতুন পরিচালনা পরিষদ গঠনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। নতুন কমিটির লোকজন অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলে। গতকাল সকালে নবগঠিত কমিটির পক্ষে প্রভাবশালী কাজী বাবু, মো. সিরাজুল ইসলামসহ একদল বহিরাগত যুবক মাদ্রাসায় প্রবেশ করে হোস্টেলে অবস্থানরত শিক্ষক ও আবাসিক ছাত্রদের মাদ্রাসা ত্যাগ করতে বলে। শিক্ষক ও ছাত্ররা এতে অস্বীকৃতি জানালে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এ সময় ইটপাটকেলের আঘাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনসহ পাঁচজন পুলিশ আহত হন। পুলিশ এ ঘটনায় চার মাদ্রাসা ছাত্রসহ আটজনকে আটক করে। মাদ্রাসার তত্ত্বাবধায়ক ও পরিচালনা পরিষদের সম্পাদক মাওলানা খলিলুর রহমান জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বৈধ কমিটি থাকা অবস্থায় স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ অবৈধভাবে আরেকটি কমিটি গঠনের দাবি করছে।পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘বর্তমানে ঢাকায় আছি। কিশোরগঞ্জ ফিরে সব জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পরিচালনা পরিষদের সহসভাপতি জেলার পিপি ও আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি মাদ্রাসায় অন্যায়ভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে থাকে, তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত সিরাজুল ও কাজী বাবু হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘এলাকার বৃহত্তর স্বার্থে নতুন কমিটির প্রয়োজন। তাই আমরা কমিটি গঠন করবই।’ কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, তিনিসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করেছে।