প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুস সাদেকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল রোববার স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। পরে একই দাবিতে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে মানববন্ধন করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ভৈরব শাখার আহ্বানে শিক্ষকেরা এসব কর্মসূচি পালন করেন। বক্তব্য দেন সংগঠনের সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক শব্বির আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কাছে স্মারকলিপি
দেন।