কিশোরগঞ্জে মানবাধিকার নেত্রীর হাত ভেঙে দিল সন্ত্রাসীরা!
কিশোরগঞ্জে মানবাধিকার নেত্রী শরীফা রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা পিটিয়ে তাঁর হাত ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। শরীফা রহমান সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদ্রাসাশিক্ষক লুৎফর রহমানের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে শরীফা রহমান বাদী হয়ে মুক্তার হোসেন, রিপনী বেগম ও ফরিদ মিয়াকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তৃণমূল পর্যায়ে মানবাধিকার বিষয়ে ভালো কাজ করার স্বীকৃতিস্বরূপ গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শরীফা রহমানকে জেলা মানবাধিকার নাট্য পরিষদ সম্মাননা প্রদান করে। এদিকে, কিশোরগঞ্জের আটটি মানবাধিকার সংগঠন ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফা রহমান আইন ও সালিশ কেন্দ্র পরিচালিত এবং বেসরকারি সংস্থা বন্ধন সোসাইটির সহায়তায় কর্মরত মানবাধিকার সংরক্ষণ পরিষদের নারীসমাজের সদর উপজেলা কমিটির সভানেত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আহত শরীফা রহমান জানান, সম্প্রতি এলাকার এক অসহায় বিধবা নারী সাফিয়া আক্তারের (৪৫) বসতভিটা দখল করে নেওয়ার জন্য তাঁর প্রতিবেশী মুক্তার হোসেন (৩০) অপচেষ্টা চালালে এর বিরোধিতা করেন তিনি। এর জের ধরেই বুধবার সকালে মুক্তার হোসেন, তাঁর স্ত্রী রিপন, শ্যালক ফরিদসহ আরও কয়েকজন লাঠিসোঁটা নিয়ে শরীফার ওপর হামলা চালান হামলায় শরীফার ডান হাত ভেঙে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্মারকলিপিতে মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, উইমেন্স চেম্বারের সভাপতি নাযমুন নাহারসহ বিভিন্ন সংগঠনের ১১ জন প্রতিনিধি স্বাক্ষর করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গতকাল এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আসামিরা বর্তমানে পলাতক।