ছাত্রলীগের হামলায় সেমিনার পণ্ড
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠনের নেতৃত্বে শিবির নেতা!
কিশোরগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতি’ নামের একটি সংগঠনের সেমিনার পণ্ড করে দিয়েছে। ওই সংগঠনের সভাপতি সরোয়ার জাহান ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন অভিযোগ এনে তাঁকে মারধর করা হয়। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেছেন, সেমিনারের আয়োজক সংগঠনের সভাপতি শাহ মো. সারওয়ার জাহান জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা। তিনি হঠাৎ শিবির ছেড়ে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে স্বার্থসিদ্ধি করতে চাইছিলেন। তাই তাঁকে সেমিনার করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জেলা মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতি’ বিকেলে মুক্তমঞ্চে ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার আহ্বান করেন। এর প্রধান উদ্যোক্তা ছিলেন সংগঠনের সভাপতি শাহ মো. সারওয়ার জাহান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানকে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নুরুজ্জামান, পৌর মেয়র মো. আবু তাহের মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদ উল্লাহকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে জেলা ছাত্রলীগের সহসভাপতি পল্লব করের নেতৃত্বে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে যান। তাঁরা মুক্তমঞ্চের দখল নিয়ে অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নেন এবং সারওয়ার জাহানকে মারধর করেন। এ সময় সেখানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আবদুল মান্নানসহ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ এলে হামলাকারীরা চলে যান। জেলা ছাত্রলীগের সহসভাপতি পল্লব কর জানান, সারওয়ার জাহান ছাত্রশিবিরের জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি শিবিরের মিছিল-সমাবেশে সামনের সারিতে থাকতেন। তিনি ভোল পাল্টে মুক্তিযোদ্ধার সন্তানদের নামে সংগঠন করায় ছাত্রলীগ ক্ষুব্ধ হয়েছে। তাই তাঁদের সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি আয়োজকদের কাউকে চেনেন না। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডারের কথায় তিনি অনুষ্ঠানে যেতে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কমান্ডার আসাদ উল্লাহ তাঁকে জানান, আয়োজকদের নিয়ে নানা কথা উঠছে। তাই তাঁরা সেখানে যাননি। এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদ উল্লাহর বক্তব্য নিতে তাঁর মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।সারোয়ার জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর বাবা শাহাজান কবীর একজন মুক্তিযোদ্ধা। শিবিরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নিবন্ধিত একটি সংগঠন।