কিশোরগঞ্জে যত্রতত্র ঝালাই কারখানা জনস্বাস্থ্য হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে এমনকি আবাসিক এলাকাতেও অননুমোদিতভাবে ওয়েল্ডিং কারখানা এবং অলঙ্কার তৈরির দোকান গড়ে উঠেছে। ওয়েল্ডিং কারখানার আলোকরশ্মি, লোহা-লক্কড় পেটানোসহ কারখানার শব্দ এবং অলঙ্কার তৈরির দোকানে সোনা গলানোর নাইট্রিক এসিডের বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।সরেজমিনে দেখা গেছে, শহরে এ রকম কারখানা ও দোকানের সংখ্যা শতাধিক। শহরের প্রধান স্টেশন সড়ক ও ঈসা খাঁ সড়কে দীর্ঘদিন এসব কারখানার অবস্থান থাকলেও এখন এ দুটি সড়কের আবাসিক এলাকাতেও অনেক দোকান ছড়িয়ে পড়েছে। এসবের কোনো অনুমোদন নেই। শহরের আবাসিক এলাকা বত্রিশ, নগুয়া, ফিশারি সড়ক, রাখুয়াইল, গাইটাল, কোর্ট রোড, কলাপাড়া, শোলাকিয়া, খড়মপট্টি, চরশোলাকিয়া, বয়লা, তারাপাশা, নিউ টাউন ঘুরে দেখা গেছে, এসব এলাকায় একাধিক ওয়েল্ডিং কারখানা ও ওয়ার্কশপ গড়ে উঠেছে। কিন্তু অধিকাংশ কারখানা ও দোকানেরই অনুমতি (লাইসেন্স) নেই। দীর্ঘদিন ধরে প্রশাসন ও পৌর আইনের তোয়াক্কা না করে এসব কারখানার মালিকেরা তাঁদের ব্যবসা চালিয়ে আসছেন।রথখলা এলাকার বাসিন্দা আবদুল আজিজসহ অনেকে জানান, ওয়েল্ডিং কারখানার ভেতরে ও পেছন দিকের বর্ধিত স্থানে ওয়েল্ডিংয়ের কাজ করার কথা। কিন্তু কারখানাগুলো অত্যন্ত ছোট পরিসরে স্থাপিত হওয়ায় রাস্তার ওপরে কাজ করতে দেখা যায়। এতে পথচারী ও শহরবাসী, বিশেষ করে অল্পবয়সী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কারখানাগুলোর লোহা-লক্কড় ও স্টিলের (ড্রামশিট) প্রচণ্ড শব্দ এবং স্বর্ণালঙ্কার গলানোর এসিডের বিষাক্ত পরিবেশে এলাকাবাসী বসবাস করতে বাধ্য হচ্ছে। রাখুয়াইল এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, ওয়েল্ডিং কারখানার কারণে তাঁর ছেলেমেয়েদের বিদ্যালয়ে আসতে-যেতে প্রতিদিন অসুবিধার সম্মুখীন হতে হয়। এসব কারখানার কারণে শহরের বিভিন্ন এলাকার শিশু শিক্ষার্থীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিশোরগঞ্জের সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান জানান, ওয়েল্ডিং থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি চোখের কর্নিয়া নষ্ট করে দিতে পারে। তা ছাড়া স্বর্ণালঙ্কার গলানোর কাজে নাইট্রিক এসিডের বর্জ্য, বিষাক্ত ধোঁয়া শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি করতে পারে। পৌরসভার মেয়র মো. মাজহারুল ইসলাম কাঞ্চন জানান, আবাসিক এলাকায় এ ধরনের কারখানা তৈরি পৌর আইনের পরিপন্থী। তবে, অনেক এলাকাতেই এ ধরনের কারখানা গড়ে উঠেছে—যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। ঈদের পর জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনা করে এসব কারখানা বন্ধ ও প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।