কিশোরগঞ্জে যুবদলের নেতাকে আবারও হত্যাচেষ্টা
কিশোরগঞ্জে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমনকে গতকাল শুক্রবার বিকেলে গুলি করে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সুমন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা কবিরউদ্দিন আহমেদের বড় ছেলে। এর আগে গত অক্টোবর মাসে ফিশারি সড়কের নিজ বাসভবনে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় গুলিতে তাঁর ছোট ভাই রুমন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে সুমন স্টেশন সড়কের জেলা পরিষদ ডাকবাংলোর চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন সশস্ত্র সন্ত্রাসী আকস্মিক তাঁকে লক্ষ্য করে একটি গুলি করে। গুলিটি সুমনের পিঠে লাগে। তখন তিনি দৌড়ে পাশের একটি হোটেলে আশ্রয় নেন। সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে আরও তিনটি গুলি করে। এর মধ্যে দুটি গুলি তাঁর পেটে ও পিঠে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।এদিকে সুমনের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ঘটনার পরপরই শহরে বিক্ষোভ মিছিল করে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি শুরু করেছে। পুলিশ অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।