কিশোরগঞ্জে র্যাবের হাতে গ্রেপ্তার দুজনের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে কিশোরগঞ্জে র‌্যাব সদস্যদের হাতে গ্রেপ্তার দুজনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোয়ারচর ও গালিমগাজি গ্রামের কয়েক শ মানুষ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।দুপুর ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা ১৮ মে র্যাবের হাতে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে হুমায়ুন কবির ও কামাল মিয়াকে নির্দোষ দাবি করে। ওই পাঁচজনের মুক্তির দাবিতে পোস্টার, ব্যানার ও প্লাকার্ড বহন করে তারা। মানববন্ধন শেষে ঘটনার সঠিক তদন্ত দাবি করে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। তদন্ত শেষ হলেই বলা যাবে কে দোষী।র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের কমান্ডার শাখাওয়াত হোসেন বলেন, জঙ্গি-সম্পৃক্ততার সন্দেহে তাঁদের ধরা হয়েছে। তদন্তে তাঁরা নির্দোষ প্রমাণিত হলে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।উল্লেখ্য, ১৮ মে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কটিয়াদি উপজেলার দড়িচরিয়াকোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে হুমায়ুন ও কামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মাসুদুর রহমান (৩৬), আরিফ মিয়া (২৫) ও মুজাহিদ (১৬)। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।