কিশোরগঞ্জে লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাসিমপুর গ্রামের দক্ষিণপাড়ায় গত বুধবার লাঠির আঘাতে হারিছ মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হারিছ মিয়ার মেয়ে লাভলী আক্তারের সঙ্গে প্রতিবেশী ফারুকের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পরই কাজের কথা বলে ফারুক ঢাকা গিয়ে নিরুদ্দেশ হন এবং লাভলীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি বা ভরণপোষণ দেননি।লাভলীর বাবা অনেক খোঁজাখুঁজি করেও ফারুকের হদিস না পেয়ে গত বুধবার বিকেলে তাঁর বাড়িতে সালিস বৈঠকের ব্যবস্থা করেন। সালিস বৈঠকে ফারুকের পরিবার তাঁর দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে কোনো সমাধান ছাড়াই দরবার ভেঙে যায়।সন্ধ্যায় দরবার ত্যাগ করার সময় ফারুকের পক্ষের একজন লাভলীর বাবা হারিছ মিয়ার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাতেই হারিছ মিয়াকে জেলা সদরের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিত্সার জন্য আনা হয়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।