কিশোরগঞ্জে লোডশেডিং বেড়েছে দুর্ভোগে মানুষ
কিশোরগঞ্জে অসহনীয় মাত্রায় লোডশেডিংয়ের কারণে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে উঠছে। বিদ্যুৎ বিভাগ দিনে-রাতে মাত্র দুবার লোডশেডিং দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে দিনে কয়েক দফা লোডশেডিংয়ে জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ। গত ২০ দিনে অবস্থা প্রকট আকার ধারণ করেছে। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, শহরে স্বাভাবিক লোডশেডিং দেওয়া হলে গ্রাহকদের তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং খুব বেশি দেওয়া হচ্ছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, কিশোরগঞ্জে কোনো শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা না থাকায় এত দিন তেমন বিদ্যুতের সংকট ছিল না। কিন্তু সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোডশেডিং শুরু হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ে গত ১৬ সেপ্টেম্বর উন্নয়ন সমন্বয় সভায় জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. খায়রুল কবির জানান, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ আছে কি না বলা যাবে না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতি ফিডারে দিন-রাত মিলিয়ে দুবার লোডশেডিং দেওয়া হচ্ছে। স্থানীয় কার্যালয়ের এ ব্যাপারে কিছু করার নেই। কিন্তু সভায় উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, দুই ঘণ্টা নয়, অব্যাহত বিদ্যুৎবিভ্রাটে তাঁদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে তাঁরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।কিশোরগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবু খালেদ পাঠান জানান, কয়েক দিন ধরে চরম বিদ্যুৎ-সংকটে গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রতিদিন দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের কথা বলা হলেও কয়েকবার করে লোডশেডিং দেওয়া হচ্ছে। প্রতিবারে টানা দুই ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। এতে গ্রাহক, জেএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে।