কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শান্ত থাকতে পুলিশের ফুলেল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতুর ওপর শিক্ষার্থীরা দাঁড়ালে তাদের শান্ত ও সুশৃঙ্খল থাকতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ। ৪ আগস্ট, কিশোরগঞ্জ, ২০১৮। ছবি: তাফসিলুল আজিজ
নিরাপদ সড়কের দাবিতে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতুর ওপর শিক্ষার্থীরা দাঁড়ালে তাদের শান্ত ও সুশৃঙ্খল থাকতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ। ৪ আগস্ট, কিশোরগঞ্জ, ২০১৮। ছবি: তাফসিলুল আজিজ

ঢাকায় বাসের চাপায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ। সুশৃঙ্খল ও শান্ত থাকতে এবং যানবাহন চালকদের সঙ্গে ভালো আচরণের জন্য এসব শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু এলাকায় বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয় শত শত শিক্ষার্থী। তারা নিরাপদ সড়কের দাবিতে ও ঘাতক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও যানবাহনের লাইসেন্স যাচাই করে। শিক্ষার্থীরা সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করে।

এদিকে শিক্ষার্থীরা জড়ো হওয়ার সঙ্গে সঙ্গেই কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত একদল পুলিশ নিয়ে সেখানে আসেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত থাকতে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের সুশৃঙ্খল রাখতে পুলিশের এ আচরণকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে, নিরাপদ সড়কের দাবিতে দুপুর ১২টার দিকে শহরের একরামপুর মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ ছাড়া একই সময় একই দাবিতে করিমগঞ্জ ডিগ্রি কলেজের সামনে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় কিশোরগঞ্জ- চামড়া আঞ্চলিক সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে থাকে।

শিক্ষার্থীদের ফুল দিচ্ছে কিশোরগঞ্জের পুলিশ। ৪ আগস্ট, কিশোরগঞ্জ, ২০১৮। ছবি: প্রথম আলো
শিক্ষার্থীদের ফুল দিচ্ছে কিশোরগঞ্জের পুলিশ। ৪ আগস্ট, কিশোরগঞ্জ, ২০১৮। ছবি: প্রথম আলো

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে চার দিন ধরে কিশোরগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছে দূর-দূরান্ত থেকে আগত শত শত যাত্রী।

আজ দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল ও বত্রিশ বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলার সব বাস চলাচল বন্ধ রয়েছে। স্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শতাধিক বাস। ফলে কোনো রকম ঘোষণা ছাড়াই এ পরিবহন ধর্মঘটে সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আগে থেকে কোনো ঘোষণা না থাকায় অনেকেই বাস বন্ধের বিষয়টি জানে না। বাস বন্ধ থাকায় টার্মিনাল এলাকায় অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এসে স্ট্যান্ড থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরা। কেউবা আবার বিকল্প উপায়ে বেশি টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে জরুরি যাতায়াত করছেন। অন্যদিকে, রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অন্য সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে।

কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর থেকে ঢাকার উদ্দেশে গাইটাল বাসস্ট্যান্ডে আসা যাত্রী রুমা আক্তার বলেন, ‘বাচ্চাদের নিয়ে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নেই। পড়েছি মহাবিপাকে। সিএনজিচালিত অটোরিকশা যাবে অর্ধেক রাস্তার মতো। এরপরও জনপ্রতি ১৫০ টাকার ভাড়া চাইছে ৫০০ টাকা।’

কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকেরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। শনিবার সকালে বত্রিশ বাসস্ট্যান্ড থেকে একটি বাসে বিয়ের যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশে রওনা হওয়ার সময় বাসে ভাঙচুরের ঘটনা ঘটে।