কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরোর ক্ষতি
কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায় ঢলের পানি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইটনা ও মিঠামইনের বিভিন্ন হাওরের নিচু জমির বোরো ধান পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এ ছাড়া গতকাল ভোরে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুই উপজেলার প্রায় দুই হাজার একর জমির বোরো ধান নষ্ট হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। এদিকে ইটনার হুলিয়ার বাঁধ ভেঙে প্রায় এক হাজার ৫০০ একর বোরো জমির ধান তলিয়ে গেছে।
কয়েকজন কৃষক জানান, মিঠামইনের চারিগ্রাম, কাটখাল, বৈরাটি ও বড় হাওরের কিছু অংশের জমি পানিতে ডুবে যাওয়ায় কৃষকেরা তড়িঘড়ি বোরো ধান কাটতে শুরু করেন। কিন্তু প্রায়োজনীয় শ্রমিক না থাকায় সিংহভাগ জমির ধান নষ্ট হয়ে গেছে। ইটনার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খায়রুজ্জামান জানান, পাহাড়ি ঢলের পানিতে ইটনার হুলিয়ার বাঁধ ভেঙে পড়ায় দেড় হাজার একর জমির ধান পানিতে ডুবে গেছে।