কিশোরগঞ্জে শিশু হত্যায় মায়ের জবানবন্দি
কিশোরগঞ্জে দেড় বছরের শিশু মাহাথিরকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা সালমা আক্তার। গতকাল রোববার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহাদাৎ হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে সালমা জানান, রাগের মাথায় ঘরে থাকা দা দিয়ে তিনি তাঁর সন্তানকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় তিনি অনুতপ্ত।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, জবানবন্দি শেষে সালমাকে কারাগারে পাঠানো হয়।
গত শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় নানাবাড়িতে দেড় বছরের শিশু মাহাথিরকে তার মা সালমা আক্তার জবাই করে হত্যা করেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পুলিশ ঘটনাস্থল থেকে সালমাকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে।
সালমার বাবা আসাদ মিয়া বলেন, সালমা মাহাথিরকে নিয়ে একটি ঘরে ঘুমাচ্ছিলেন। ছেলের কান্নাকাটিতে তাঁর ঘুম ভেঙে যায়। এরপর সালমা ক্ষুব্ধ হয়ে তাকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে রক্তমাখা দা হাতে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘তোমরা দেখে যাও, আমি আমার ছেলেকে হত্যা করেছি। সে আর কান্না করতে পারবে না।’
এ ঘটনায় সালমার স্বামী আবুল কালাম বাদী হয়ে সালমার বিরুদ্ধে ওই দিন রাতে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
আবুল কালাম বলেন, সালমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। চিকিৎসার জন্য দুই সপ্তাহ আগে বাবার বাড়ি প্যারাভাঙ্গা গ্রামে যান দেড় বছরের শিশুকে নিয়ে। সেখানেই খুনের ঘটনা ঘটে। কিছুদিন আগেও সালমা শিশুটিকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেছিলেন।