কিশোরগঞ্জে শ্যালকের হাতে বোনজামাই খুন
কিশোরগঞ্জে মঞ্জু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি তাঁর শ্যালকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ঘুমন্ত অবস্থায় তাঁকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের হাওলা বাদে কড়িয়াইল গ্রামে।পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, সাত-আট বছর আগে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা পাথারিয়াপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মঞ্জু মিয়ার সঙ্গে কর্শাকড়িয়াইল ইউনিয়নের হাওলা বাদে কড়িয়াইল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে জ্যোৎস্না আক্তারের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাঁদের চার বছর বয়সী হূদয় নামের এক পুত্রসন্তান ও দেড় বছর বয়সী তাইয়িবা নামের এক কন্যাসন্তান রয়েছে।গত বৃহস্পতিবার দুপুরে মঞ্জু মিয়া তাঁর স্ত্রী-সন্তানসহ হাওলা বাদে কড়িয়াইল গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে স্ত্রী-সন্তানকে রেখে শুক্রবার দুপুরে বাড়ি ফিরে ওই দিন রাতে আবার শ্বশুরবাড়িতে যান। রোববার সন্ধ্যায় শ্বশুরবাড়ির একটি ঘরে ঘুমন্ত অবস্থায় মঞ্জু মিয়ার ওপর তাঁর শ্যালক রফিকুল ইসলাম (২২) চড়াও হয়ে তাঁকে কোদাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘটনার পর থেকে রফিকুল পলাতক। এ ব্যাপারে নিহত ব্যক্তির বাবা আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওসি জানান, কী কারণে তাঁকে নৃশংসভাবে খুন করা হলো তা এখনো জানা যায়নি।