কিশোরগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পাতা কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক আমির হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়নখাল বৌদ্ধপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছিলেন।
আমির হোসেন ওই গ্রামের তছের উদ্দিনের ছেলে।
কয়েকজন এলাকাবাসী জানান, একই গ্রামের নওশাদের সঙ্গে আমিরের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সকালে নওশাদের বাঁশবাগানে পড়ে থাকা শুকনো পাতা কুড়িয়ে আনেন প্রতিবেশী আমিরের স্ত্রী মর্জিনা বেগম (২৫)। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমিরসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমিরের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।