কিশোরগঞ্জে সংঘর্ষে দুই সহোদর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আবদুল আলী (৪৫) ও আবু সিদ্দিক (৪০) নামের দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী, শিশুসহ কমপক্ষে ৩৫ জন। গতকাল রোববার বিকেলে উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত আবদুল আলী ও আবু সিদ্দিক পূর্ব বরাটি গ্রামের কাছুম আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানা বিষয় নিয়ে স্থানীয় কাঞ্চন মিয়া ও আবদুল মালেকের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। সম্প্রতি একটি ধর্ষণ মামলা নিয়ে তাঁদের মধ্যে তিক্ততা আরও বাড়ে। এসবের জেরে গতকাল বিকেলে কাঞ্চন ও মালেকের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে মালেক পক্ষের আবদুল আলী ও তাঁর ভাই আবু সিদ্দিক গুরুতর আহত হন। তাঁদের সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত লোকজনের মধ্যে ফাতেমা আক্তার, কাঞ্চন মিয়া, অনুফা আক্তার, ছালেহা বেগম, আবদুর রহিম, আবদুল লতিফ, রহিম মিয়া ও জুয়েনা আক্তারকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে।