কিশোরগঞ্জে সংঘর্ষে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গতকাল শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় সন্ত্রাসীদের দায়ের কোপে আহত ব্যবসায়ী গত বৃহস্পতিবার মারা গেছেন।
পুলিশ ও এলাকার অনেকে জানান, গতকাল দুপুরে তাড়াইলের শামুখজানি গ্রামের লিয়াকত আলীর হাঁসের খামার থেকে একটি হাঁস পাশের শিমুলহাটি গ্রামের বাবলু মিয়ার হাঁসের দলে চলে যায়। এ নিয়ে বাবলু ও লিয়াকতের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামুখজানি ও শিমুলহাটি গ্রামের লোকজন লাঠিসোঁটা, বল্লম ও রাম দা নিয়ে শিমুলহাটি-শামুখখালি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শামুখজানি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তন্নি আক্তার (৯) বল্লমের আঘাতে ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা করা হবে।
জেলা শহরের বত্রিশ এলাকায় গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধে সন্ত্রাসীরা সুখেন্দ্র পালকে (৬৫) মাথায় রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় প্রথমে তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ও পরে ময়মনসিংহ চরপাড়া হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মুমূর্ষু অবস্থায় গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। গতকাল তাঁর মেয়ে শম্পা পাল বাদী হয়ে অভিযুক্ত প্রশান্ত পালকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। থানার ওসি মো. আবদুল মালেক জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।