কিশোরগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রথম সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। মানবতাবিরোধী অপরাধী এবং তাদের দোসর ও সমর্থকেরা জেনে গেছে, দেশের সচেতন মানুষ তাদের প্রতিহত করবে। এখন তারা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই গুজব রটনাকারীদের দিকে সতর্ক নজর রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন। সভায় সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা যেকোনো মূল্যে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, অল্প কিছু ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও গুজবের সঙ্গে জড়িত। গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে পারলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।