কিশোরগঞ্জে সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের টুটিয়ারচর গ্রামে সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টুটিয়ারচর গ্রামের মাজেম উদ্দিন এবং বৃন্দাগড় গ্রামের বাসিন্দা সৈয়দুজ্জামানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে গতকাল সালিস বৈঠক বসে। সেখানে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। লাঠিসোঁঠা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সৈয়দুজ্জামান, তাঁর স্ত্রী জাহানারা আইভি ও স্বজন মাজেম উদ্দিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন: মানিক, আবদুল্লাহ আল মামুন, মো. তারেক মিয়া, শফিক মিয়া, বিলাল হোসেন, সোহাগ মিয়া, মো. মিজান, মাসুম, রতন মিয়া, ফালু মিয়া, রবি, সজল, মিজান, সুজন, হূদয় মিয়া, রাসেল মিয়া, কালাম, ফারুক মিয়া ও সোহেল। কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গতকাল প্রথম আলোকে জানান, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। মামলা হলে আটক ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।