কিশোরগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় গতকাল বুধবার বিকেলে মো. শামছুল ইসলাম নামের এক স্কুলছাত্রকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী হামলার শিকার শামছুল (১৪) শহরের হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি শহরের হারুয়া এলাকায়। গতকাল বিকেল চারটার দিকে সে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে হয়বতনগর এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আলী বিকেল সাড়ে পাঁচটার দিকে গণমাধ্যমকর্মীদের বলেন, শামছুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।হামলার এ ঘটনায় শহরের জাহাঙ্গীর (১৮), দেলোয়ার (২১), আরমান (১৮), ইমন (২০), মাছুম (২৬) ও অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।