কিশোরগঞ্জে স্কুলছাত্রকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আওলাদ হোসেন ভূঁইয়া গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের আমিনুল হক, ডালিম, সোহাগ মিয়া ও দুলাল মিয়া। আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, পাকুন্দিয়ার চরকাউনা গ্রামের কামাল উদ্দিনের ছেলে একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সাকিবুল হাসান ওরফে টুটুলকে ২০১৪ সালের ১২ আগস্ট স্কুল থেকে ফেরার পথে অপহরণ করা হয়। ওই দিন টুটুলের মায়ের মুঠোফানে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে রাতেই তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ও হোসেনপুর সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের অভিযান শুরু হয়। টুটুলের বাবার বন্ধু দুলাল মিয়া, সোহাগ মিয়াসহ চারজনকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ১৪ আগস্ট ভোরে পুলিশ চরকাওনা নয়াবাজার-সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে টুটুলের গলিত লাশ উদ্ধার করে। টুটুলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় মোট সাতজনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দেয়।

আসামিদের স্বজনেরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি এম এ আফজাল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম এ রশিদ, অশোক সরকার ও আবুল কাশেম।