কিশোরগঞ্জে স্কুলছাত্রী হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে নবম শ্রেণীর ছাত্রী নাদিরা আক্তার (১৪) হত্যা মামলায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৮ মার্চ রাত আটটার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি পূর্বপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে নাদিরা পাশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।পথে তিন যুবক তাকে উঠিয়ে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।পরে ধর্ষণে ব্যর্থ হয়ে একপর্যায়ে যুবকেরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

ওই ঘটনার পরদিন নাদিরার ভাই রুনু মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।ওই মামলার আসামিরা হলেন একই গ্রামের রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৮),  আল মামুন (২৯) ও আবদুল মোমেন রবিন (২৮)।আসামিদের মধ্যে রুবেল ও মামুন চলতি বছরের ৩১ মার্চ বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

নাদিরা আক্তার হোসেন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।

মামলায় রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ছিলেন শাহ আজিজুল হক। আর আসামিপক্ষে ছিলেন জালাল উদ্দিন।