কিশোরগঞ্জে স্কুলে ঢুকে শিশুকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে অ্যাসেমব্লি চলার সময় চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে এক অভিভাবকের মারধরের ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় রোববার বিকেলে সহসভাপতি শামসুন নাহারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদৎ হোসেন। সভায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রকে নির্মমভাবে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে নিন্দা জানানো হয়। তদন্ত কমিটির প্রধান শামসুন নাহার বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে প্রকৃত ঘটনা ও দোষীদের শনাক্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’ প্রতিবেদন পাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সভাপতি শাহাদৎ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বলেন, ‘আহত শিশুর সুচিকিৎসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজর রাখছে। বিদ্যালয়ে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে রোববার থেকে বিদ্যালয়ের মূল ফটকের ভেতরে প্রয়োজন ছাড়া অভিভাবকদের প্রবেশাধিকার থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’অভিভাবক রোকেয়া সুলতানাসহ অনেক অভিভাবক বলেন, বিদ্যালয়ে ঢুকে শিশুকে মারধরের ঘটনাটি নিন্দনীয়। আবার অভিভাবকদের বিদ্যালয়ে ঢোকা বন্ধ করে দেওয়ার বিষয়টিও লজ্জাজনক। আমরা এর সঙ্গে দ্বিমত পোষণ করছি।