জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ সম্পর্কে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে এবং বিচারপতির পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের বাজিতপুর ও কটিয়াদী উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। একই দাবিতে তাড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটা থেকে সরারচর ও ভাগলপুর রেলস্টেশনে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ও ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি লোকাল ট্রেন প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ ছাড়া উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করা হয়। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বেলা ১১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। বাজিতপুরের এএসপি (সার্কেল) খন্দকার সাইদ আহমেদ বলেন, অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাজিতপুরের অবরোধ প্রত্যাহারের পর আন্তনগর এগারসিন্দুর ও দুটি লোকাল ট্রেন কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী প্রায় দুই ঘণ্টা ট্রেনগুলো অবরোধ করে রাখেন। একই দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শতাধিক কর্মী দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত কটিয়াদী বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সংগঠনের আহ্বায়ক তারিকুল মুস্তাক বলেন, স্পিকার সম্পর্কে বিচারপতির মন্তব্য কুরুচিপূর্ণ। এর প্রতিবাদে আগামী শনিবার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কটিয়াদীতে বিক্ষোভ সমাবেশ করা হবে। অবরোধ চলাকালে শত শত বাস, ট্রাক, লেগুনা আটকে পড়ে। যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাড়াইল সদরে দুপুর একটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুতি নদীর বেইলি সেতুর কাছে শেষ হয়। পরে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে পথসভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিতাংশু চৌধুরী, সহসভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ। কর্মসূচি চলাকালে তাড়াইল-নান্দাইল এবং তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন বন্ধ থাকে। সেতুর পূর্ব ও পশ্চিম পাশে যানজটের সৃষ্টি হয়। পথসভা শেষে তাড়াইল বাসস্ট্যান্ডসংলগ্ন সড়ক ও জনপথের রাস্তায় মানববন্ধন করা হয়। সুপ্রিম কোর্টের কাছে সড়ক ভবন হস্তান্তর নিয়ে ২৯ মে সংসদে আলোচনা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হাইকোর্টের আদেশের বিষয়টি সংসদের অধিবেশনে উত্থাপিত হলে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।’ স্পিকারের এই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেন হাইকোর্ট। গত মঙ্গলবার শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, স্পিকার সুপ্রিম কোর্ট ও সরকারের বিরুদ্ধে জনগণকে উসকে দিয়েছেন।