কিশোরগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাবাসসুম ইসলাম এ রায় দেন। সাজার আদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—মো. মোখলেছ, মো. নয়ন মিয়া, মো. আকতার মিয়া ও মো. সেলিম মিয়া। আসামিরা সবাই ভৈরব উপজেলার চণ্ডীবের পুলতানকান্দা গ্রামের বাসিন্দা এবং সেলিম মিয়া ছাড়া বাকি তিনজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আবদুর রশিদ (২২) ভৈরবের একটি হোটেলে কাজ করার সুবাদে ভাইবোন ও মাকে নিয়ে চণ্ডীবের পুলতানকান্দা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। প্রতিবেশী মোখলেছ তাঁর কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে ফেরত না দিলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে ২০০৪ সালের ২৪ জানুয়ারি রাতে মোখলেছ বাকি তিন আসামির সহায়তায় রশিদকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন।