কিশোরগঞ্জে হত্যার দায়ে যুবকের ফাঁসি
কিশোরগঞ্জে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আল-আমিন নামের এক যুবকের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. সায়েদুর রহমান গত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।এই মামলার অপর দুই আসামি মইন উদ্দিন ও দ্বীন ইসলামকে বেকসুর খালাস দেন আদালত। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশিদাবাদ গ্রামের শহীদুল ইসলামের ভাগনিকে একই গ্রামের আল-আমিন (২৫) প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে শহীদুল তাঁকে উত্ত্যক্ত করা বন্ধ করতে বলেন। কিন্তু আল-আমিন বেপরোয়া হয়ে ওঠেন। পরে শহীদুল বিষয়টি গ্রামের লোকজনকে জানান। এর জেরে ২০০৬ সালের ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রশিদাবাদ বিশ্বরোড মোড়ে তিন সহযোগী নিয়ে আল-আমিন শহীদুলকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় শহীদুলকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।