কিশোরগঞ্জে হাজতের ভেন্টিলেটর ভেঙে খুনের আসামি উধাও
কিশোরগঞ্জ আদালতের হাজত থেকে গতকাল মঙ্গলবার হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। তাঁর সঙ্গে মাদকদ্রব্য আইনের মামলার এক আসামি পালিয়ে গেলেও পরে তাঁকে আটক করা হয়।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, একটি খুনের মামলার আসামি ও সদর উপজেলার সৈয়দগাঁও ছত্রাখানি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়াকে (২৩) জেলার পাকুন্দিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে গতকাল আদালতে হাজির করে। আদালত জুয়েলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একইভাবে মাদক মামলার আসামি শহরের উকিলপাড়ার বাসিন্দা হুমায়ূন কবীরকে (২৩) কিশোরগঞ্জ থানার পুলিশ বেলা ১১টায় আদালতে হাজির করে। আদালত তাঁকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উভয় আসামিকে কারাগারে নেওয়ার আগে আদালতের হাজতে রাখা হয়। বিকেল তিনটার দিকে দুই আসামি হাজতের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেল চারটার দিকে হুমায়ূন কবীরকে তাঁর বাসা থেকে আটক করে। তবে জুয়েল মিয়াকে পুলিশ ধরতে পারেনি।আদালত পরিদর্শক সুব্রত কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়েলকে আটক করার চেষ্টা চলছে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।