কিশোরগঞ্জে ১৫৫টি সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে এসব পদ খালি থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে। এতে জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৪টি, করিমগঞ্জে ১১টি, হোসেনপুরে ১৫টি, পাকুন্দিয়ায় ২৫টি, কটিয়াদীতে ১৫টি, বাজিতপুরে ১৭টি, কুলিয়ারচরে সাতটি, ভৈরবে ১৪টি, ইটনায় সাতটি, মিঠামইনে চারটি, অষ্টগ্রামে ১১টি, নিকলীতে ছয়টি এবং তাড়াইলে নয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জানান, প্রায় প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজ সম্পাদন ও বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা শহর ও উপজেলা সদরে যাওয়া-আসা করতে হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা এসব কাজ করতে গেলে সহকারি শিক্ষকেরা ঠিকমতো শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন না। তাঁরা আরও জানান, কোনো কোনো বিদ্যালয়ে চারজন শিক্ষকের জায়গায় দুইজন শিক্ষক পাঠদান করছেন। তাদের মধ্যে একজন সরকারি কর্মসূচিতে বিদ্যালয়ের বাইরে গেলে ওইদিন বিদ্যালয়ের কোনো কোনো শ্রেণীতে পাঠদান বন্ধ থাকে। যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেসব বিদ্যালয়ে প্রশাসনিক ও নজরদারির ব্যবস্থা না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন একাধিক শিক্ষক। সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সদর উপজেলার প্যারাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লায়লা পারভীন জানান, এই বিদ্যালয়ের ছয়জন শিক্ষকের মধ্যে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। এছাড়া একজন শিক্ষক চিকিৎসা ছুটিতে আছেন এবং অন্যজন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। ফলে তিনজন শিক্ষককেই বিদ্যালয়ের সব কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের শিক্ষাবিয়ষক কমিটির সভাপতি অধ্যাপক আবদুল গণি বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিভিন্ন বিদ্যালয়ের নজরদারির ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। এছাড়া অন্য শিক্ষকেরা সমমর্যাদার হওয়ায় ভারপ্রাপ্ত শিক্ষকের নির্দেশ তাঁরা মেনে চলেন না। ফলে সার্বিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই প্রধান শিক্ষকের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ খুবই জরুরি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক জানান, প্রধান শিক্ষকের ৫৪টি শূন্য পদে লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। অন্য ১০১টি শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।