কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক
কিশোরগঞ্জ শহরের তিনটি এলাকায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শতাধিক শিশু, নারী ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পৌর কাউন্সিলরসহ ৫০ জন কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শহরের বয়লা, সতাল ও তারাপাশা এলাকার শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। শনিবার বিকেল থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। কিশোরগঞ্জ হাসপাতালের সেবিকা চিত্রা গোস্বামী জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সামসুল, নিলুফা, সিহাব, জমিলা, পাবন, আরমান, মজিবুরসহ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।কিশোরগঞ্জ শহরের বয়লা ও তারাপাশা এলাকার বাসিন্দারা জানান, পৌরসভার সরবরাহকৃত পানি পান করার পর অধিকাংশ শিশু প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে অন্যরাও আক্রান্ত হয়।পৌর মেয়র মাজহারুল ইসলাম কাঞ্চন গতকাল রোগীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি থেকে ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটেছে। সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, ডায়রিয়ায় আক্রান্ত শহরের তিনটি এলাকায় রোববার একটি চিকিৎসক দল পাঠানো হচ্ছে। ডায়রিয়ার আক্রান্ত রোগী কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।