কিশোরগঞ্জে ৫০ লাখ টাকা নিয়ে এনজিও লাপাত্তা
কিশোরগঞ্জ শহরের হয়বতনগরে কর্মজীবী কল্যাণ সোসাইটি (কেকেএস) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এলাকার পাঁচ শতাধিক লোকের কাছ থেকে ৫০ লাখেরও বেশি টাকা নিয়ে পালিয়ে গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সঞ্চয় ও ঋণদানের কার্যালয় খুলে ঋণদান, কিস্তিতে সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার কথা বলা হয়েছিল।কথা ছিল, ১০ নভেম্বর শনিবার সমিতির সঞ্চয়ী এসব সদস্যের মধ্যে তাঁদের চাহিদা মোতাবেক ঋণ ও অটোরিকশা দেওয়া হবে। গতকাল সকালে ভুক্তভোগীরা কেকেএসের কার্যালয়ে এসে তালা দেখতে পান। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী জানান, মাস ছয়েক আগে হয়বতনগর এলাকায় মসজিদে রহমতসংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে শুরু হয় কেকেএসের কার্যক্রম। প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া আবির হোসেন, নাসরিন আক্তার, আলো, সেলিনা ও সুমী নামের পাঁচজন মাঠকর্মী এলাকায় ঋণ ও সঞ্চয় সংগ্রহের ভাঁজপত্র বিতরণ শুরু করেন। এতে এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়। একপর্যায়ে স্থানীয় পুষণ নার্সারির মালিক নূরুল ইসলামসহ পাঁচ-ছয়জনকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করে তারা। পরে এলাকার হারুয়া, নগুয়া, গাইটাল ও শহরের বাইরে কাতিয়ারচর, রশিদাবাদ ও লতিবাবাদ এলাকায় ব্যাপক কার্যক্রম শুরু করে। ভুক্তভোগী হেলাল উদ্দিন, মুকুল চন্দ্র কর্মকার, আহম্মদ, আজহারুল, মান্নান, লাল মিয়া, মিজান, মুকুল, হেলাল, হানিফ, খাদিজা বেগম, খুশনাহার, রুমেনা, আফজাল, শাকিল, কাইয়ুম ও রিয়াদ সাংবাদিকদের জানান, ওই সব এলাকার লোকজনের কাছ থেকে তারা দুই হাজার টাকা সঞ্চয়ে ২০ হাজার, আট হাজার সঞ্চয়ে ৫০ হাজার, ১৯ হাজার টাকায় তিন বছর মেয়াদে দুই লাখ টাকা ঋণ দেয়। এ ছাড়া ৩৬ হাজার টাকা জমা দিলে কিস্তিতে একটি অটোরিকশা দেওয়ার কথা বলে মাঠকর্মীদের মাধ্যমে তিন মাসের মধ্যে ৫০ লাখেরও বেশি টাকা আদায় করা হয়। তাঁদের একজনের নাম হাবিব মিয়া ও অন্যজনের নাম আমজাদ মিয়া বলে এলাকাবাসী জানান। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, কেকেএসের ব্যাপারে আগে কেউ কিছু পুলিশকে জানায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।