কিশোরগঞ্জে ৭০০ জনের বিরুদ্ধে করা হত্যা মামলাটি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ মিজানুল হক এবং দলের অপর নেতা-কর্মীসহ ৭০০ জনকে আসামি করে দায়ের করা আলোচিত খুনের মামলাটি গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুস সালাম মামলা প্রত্যাহারের নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক সমাবেশের ডাক দেয়। পরে একই স্থানে বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক শ কর্মী সংঘর্ষে লিপ্ত হলে আওয়ামী লীগের কর্মী নবী হোসেন নিহত হন।এ ঘটনায় মিজানুল হক বাদী হয়ে থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। অপরদিকে পুলিশ বাদী হয়ে মিজানুল হকসহ ৭০০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মিজানুল হক মামলাটি মিথ্যা, রাজনৈতিক হয়রানিমূলক অভিহিত করে এটি প্রত্যাহারের আবেদন করেন। যাচাই-বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কৌঁসুলি শাহ আজিজুল হক গতকাল আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। বিচারক মামলাটি প্রত্যাহার করার নির্দেশ দেন।উল্লেখ্য, মিজানুলের মামলাটি থানা গ্রহণ না করায় পরে তিনি আদালতে একটি মামলা করেন। মামলাটি চালানো হবে বলে সাংবাদিকদের তিনি জানিয়েছেন।