কিশোরগঞ্জের আদালতে দুই উলফা নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের আদালতে গতকাল সোমবার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার দুই নেতার বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) এই দুই নেতা হলেন, সামরিক শাখার কথিত ক্যাপ্টেন রঞ্জন চৌধুরী ওরফে রঞ্জু ও তাঁর সহযোগী প্রদীপ মারাক। গতকাল দুপুরে তাঁদের কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভৈরব থানায় দায়ের করা মামলায় আদালতে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দেন মো. রতন নামের এক ব্যক্তি। আগামী ১৫ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।গত বছরের ১৭ জুলাই এই দুই উলফা নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের করা মামলায় বলা হয়, তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি গুলি, চারটি বোমা ও বোমা তৈরির উপকরণসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে পৃথক চারটি মামলা করে র‌্যাব।