কিশোরগঞ্জের ঊর্মি ও সুমি হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র
কিশোরগঞ্জের দুই তরুণী আফরোজা আক্তার ওরফে ঊর্মি ও আফরোজা আক্তার ওরফে সুমিকে ঢাকার হোটেলে শ্বাসরোধে হত্যার ঘটনায় আটজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। আদালত তা গ্রহণ করে জুনের প্রথম সপ্তাহ থেকে শুনানি শুরু করার নির্দেশ দিয়েছেন। কিশোরগঞ্জের বিশেষ সরকারি কৌঁসুলি এম এ আফজল জানান, ১৮ মে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জের গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমজাদ হোসেন কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গত সপ্তাহে আদালত তা গ্রহণ করে জুনের প্রথম সপ্তাহ থেকে মামলার শুনানি-প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—পুলিশ কনস্টেবল মনিরুজ্জামন হলুদ ওরফে সুজন (৩০), শামীম হালদার (৩৮), মো. দিলবর হোসেন (২২), মো. মোস্তফা মীর (৩৫), আবুল হোসেন (৩৮), মো. বাবুল মিয়া (৪৫), জয়নাল আবেদীন (২৯) ও কবির হোসেন (২৫)। আসামিদের মধ্যে দিলবর, মনিরুজ্জামান ও শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগারে আছেন তাঁরা। অন্য আসামিরা পলাতক। গ্রেপ্তার হওয়া তিনজন হত্যাকাণ্ডের ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গোয়েন্দা পুলিশ, আদালত ও পরিবার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের মেয়ে সুমি ও ঊর্মি ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। মুঠোফোনের মাধ্যমে শামীম হালদারের সঙ্গে সুমি এবং সুজনের সঙ্গে ঊর্মি প্রেমে জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে কথিত প্রেমিকেরা তাঁদের কিশোরগঞ্জ থেকে ২০০৮ সালের ১৬ জুলাই ঢাকায় একটি হোটেলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে হোটেল-মালিক ও কর্মচারীরা লাশগুলো সবজির খাঁচায় করে নিয়ে তেজগাঁও ক্রসিং ও কারওয়ান বাজারের ঝিলে ফেলে দেন। হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ লাশ উদ্ধার করে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় বেওয়ারিশ হিসেবে জুরাইন ও আজিমপুর কবরস্থানে দাফন করে। এ ঘটনায় মুঠোফোনের সূত্র ধরে ২০০৯ সালের ২১ সেপ্টেম্বর সুমির বাবা আবুবকর সিদ্দিক শামীম হালদারসহ চারজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, তদন্তের পর জানা যায় এফডিসির সামনে ফেলে রাখা লাশটি ঊর্মির এবং মগবাজারে ফেলে রাখা লাশটি সুমির। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ২০০৮ সালের ১৭ জুলাই সুমির লাশ উদ্ধার করে থানায় একটি হত্যা মামলা করে।