কিশোরগঞ্জের এসিডদগ্ধ নারীকে ঢাকায় স্থানান্তর
কিশোরগঞ্জে এসিডদগ্ধ কল্পনাকে গত সোমবার সন্ধ্যায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের জেলা কার্যালয়ের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী রহমত এসিড ছুড়ে মারেন কল্পনা বেগমের (২৫) ওপর। এতে ঝলসে যায় তাঁর মুখমণ্ডল, হাত ও পেট। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন কল্পনা বেগম জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে রহমত প্রায়ই তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেন। কল্পনা শহরতলির শোলাকিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার রাত সাড়ে আটটার দিকে কল্পনা বাসায় একা থাকার সুযোগে রহমত আলী ঘরে ঢুকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করেন।প্রায় সাত বছর আগে শহরের হারুয়া এলাকার গ্রামীণফোনের কর্মচারী রহমত আলীর সঙ্গে সদর উপজেলার বৌলাই ভরাটি গ্রামের রমজান আলীর মেয়ে কল্পনা বেগমের বিয়ে হয়। তিন বছর আগে রহমত আলীর সঙ্গে কল্পনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর সদরের রশিদাবাদ দামুয়ারবাড়ীর বাসচালক আবদুল আউয়ালের সঙ্গে কল্পনার দ্বিতীয় বিয়ে হয়। রহমতও ইতিমধ্যে বিয়ে করেছেন।এসিডদগ্ধ কল্পনা বেগমকে হাসপাতালে দেখতে যান জেলা মহিলা পরিষদ, মানবাধিকার ফোরাম এবং ব্র্যাকের কর্মকর্তারা। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন বিভাগের জেলা ব্যবস্থাপক আজাদ রহমান বলেছেন, ব্র্যাক ভুক্তভোগীর চিকিৎসায় যাবতীয় সহায়তা দেবে। গতকাল রাতে ব্র্যাকের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।