কিশোরগঞ্জের কৃষকের মুখে হাসি ফুটিয়েছে নেরিকা-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের চরাঞ্চলে প্রথমবারের মতো নেরিকা-১০ ধানের পরীক্ষামূলক আবাদ শুরু হয়েছে। বীজ রোপণ ছাড়াই বপনের মাত্র ৯০ দিনে ফসল ঘরে তুলতে পারায় এ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। আউশ মৌসুম ছাড়াও সারা বছর এ ধান চাষ করা যায়। জেলার চরাঞ্চলে কাটা শুরু হয়েছে নেরিকা-১০ জাতের ধান। নিউ রাইস ফর আফ্রিকা বা নেরিকা-১০ হচ্ছে আফ্রিকার উগান্ডায় সে দেশের বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি বিশেষ প্রজাতির ধান। খরাপ্রবণ এলাকা বিশেষ করে চরাঞ্চলে এ ধানের চাষ করা যায়। গত বছর বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আফ্রিকা থেকে এই ধানের সামান্য বীজ নিয়ে আসেন। এ দেশের মাটিতে এ ধানের পরীক্ষামূলক আবাদ শুরু করার দায়িত্ব দেওয়া হয় বিএডিসিকে।জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের সহযোগিতায় জেলার হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার চরাঞ্চলে প্রায় সাড়ে নয় একর জমিতে পরীক্ষামূলকভাবে এ ধানের আবাদ শুরু হয় গত জুলাই মাসে। বীজতলা তৈরি ছাড়াই সরাসরি জমিতে ধান বপনের মাত্র ৯০ দিনের মধ্যেই শুরু হয়েছে কাটা। হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় নদীর চরে গিয়ে দেখা গেল মাঠভরা সোনালি ধান। কৃষকেরা মনের আনন্দে ধান কাটছেন। কৃষক হারুন মিয়া জানালেন, ‘এখন ধান কাটার সময় না। কিন্তু আমরা খেতে পাকা ধান কাটছি—এ কথা শুনে লোকজন অবাক হয়।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে বিএডিসির আলো বীজ বিভাগ থেকে তাঁদের এ ধানের বীজ দেওয়া হয়। জমিতে সরাসরি বীজ ছিটিয়ে দিই। তিন মাসের মধ্যে এখন ধান কাটছি। ফলন মোটামুটি ভালোই হয়েছে।’ একই এলাকার কৃষক বাদল মিয়া বলেন, ‘আলু ও বাদাম চাষ করার পর আমাদের জমি পতিত থাকত। এ সময়টাতে নেরিকা-১০ জাতের ধান আবাদ করে আমাদের বাড়তি লাভ হয়েছে।’ কিশোরগঞ্জ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলো বীজ বিভাগের উপপরিচালক তপন কুমার সাহা জানান, নেরিকা-১০ জাতের ধান চাষে জমিতে পানি কম লাগে। ধানের গাছ আলোক সংবেনশীল হওয়ায় বেলে মাটিতে আউশ মৌসুম ছাড়াও বছরের যেকোনো সময় এ ধান চাষ করা যায়। জেলা বিএডিসি ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হোসেনপুরের সিদলায় নদীর চরে পরীক্ষামূলক আবাদ করা নেরিকা-১০ ধানের ফলন দেখতে গিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিএডিসির বীজ বিপণন বিভাগের উপপরিচালক আনন্দ চন্দ্র দাস জানান, এবার কিশোরগঞ্জে পরীক্ষামূলকভাবে চাষ হওয়া সব ধান কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হবে। এগুলো বীজ হিসেবে সংরক্ষণ করে আবারও কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।