কিশোরগঞ্জের গ্রামে এক মাসে ৪০টি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। উপজেলার বিন্নাটী ইউনিয়নের কালটিয়া, পাড়াপরমানন্দ ও আশপাশের এলাকায় গরু চোরদের দৌরাত্ম্য বেশি। বর্তমানে কৃষকেরা আতঙ্কে ভুগছেন। সরেজমিন জানা গেছে, গত এক মাসে এসব গ্রামে ৪০টির বেশি গরু চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল রাতে গোয়ালে ঢুকে গরু নিয়ে নির্বিঘ্নে চলে যায়। এ সময় গরুগুলো কোন শব্দ করে না। জানা গেছে, গত এক মাসে কালটিয়া গ্রামের নিরঞ্জন কিশোর দাসগুপ্তের দুইটি, খোকন কিশোর দাসগুপ্তের দুইটি, প্রদীপ কিশোর দাসগুপ্তের দুইটি, শুকুর মাহমুদের একটি, পরিতোষ ভৌমিকের দুইটি; বিন্নাটী গ্রামের মনোরঞ্জন সরকারের তিনটি, হেমেন্দ্র চক্রবর্তীর একটি; চৌদ্দশত গ্রামের দেবেন্দ্র ভৌমিকের একটি; পাড়াপরমানন্দ গ্রামের সুনীল সরকারের দুইটিসহ ৪০টিরও বেশি গরু চুরি হয়েছে। গ্রামবাসী জানান, হয়রানির ভয়ে তাঁরা থানায় মামলা বা জিডি করেন না।বিন্নাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুত্ফুল বারী জানান, সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করছে। এর সঙ্গে এলাকার কিছু খারাপ লোক জড়িত বলে মনে হয়। এ ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিলে চুরি বন্ধ হওয়া সময়ের ব্যাপার।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।