কিশোরগঞ্জের দুই ভাইয়ের বিরুদ্ধে পাঁচ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ দুজন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. নাসিরউদ্দিন আহমেদ ও তাঁর ছোট ভাই মো. শামসুদ্দিন আহমেদ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলীর কাছে গতকাল বুধবার এই দুই ভাইয়ের বিরুদ্ধে ৪৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। আনুষঙ্গিক নথিপত্রও জমা দেওয়া হয়।
তদন্ত সংস্থা বলেছে, সাবেক সেনা কর্মকর্তা নাসিরউদ্দিন ও আইনজীবী শামসুদ্দিন মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেন। তাঁরা নিজেরাও করিমগঞ্জে মানবতাবিরোধী অপরাধ করেন।
নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ২৭ অক্টোবর করিমগঞ্জের আয়লা গ্রামে নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকার বাহিনী আবদুল বারেক, মো. হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার ও আবদুল মজিদকে গুলি করে হত্যা করে। ১১ নভেম্বর নাসিরের নেতৃত্বে রাজাকাররা আয়লা গ্রামে লুণ্ঠন ও নির্যাতন চালায়। মিয়া হোসেনকে হত্যা করে।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকাররা তাঁরই সহপাঠী পরেশ চন্দ্র সরকারকে আটক করে নির্যাতন ও হত্যা করে। ২৬ সেপ্টেম্বর কলাতলি গ্রামে নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকাররা আবদুল গফুরকে অপহরণের পর নির্যাতন করে। খুদির জঙ্গল সেতুর কাছে তাঁকে হত্যা করা হয়।