কিশোরগঞ্জের দুজনের মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হুসাইন ওরফে হোসেন ও মুহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
দুই আসামির মধ্যে মোসলেম গ্রেপ্তার থাকলেও হোসাইন মামলার শুরু থেকে পলাতক।
এই দুই আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। গত বছরের ৯ মে তাঁদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ৭ অক্টোবর এই দুই আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। একই বছরের ৩ ডিসেম্বর দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও আটক এবং ২৫০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়।