কিশোরগঞ্জের দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হুসাইন ওরফে হোসেন ও মুহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই রায় ঘোষণা করেন।

দুই আসামির মধ্যে মোসলেম গ্রেপ্তার রয়েছেন। মামলার শুরু থেকে পলাতক হুসাইন।

উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৭ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন কৌঁসুলি তুরিন আফরোজ। মোসলেমের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তিনি হুসাইনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে লড়েন। 

দুই আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হত্যা, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়। গত বছরের ৯ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।